হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

Bortoman Protidin

১ ঘন্টা আগে বুধবার, এপ্রিল ২২, ২০২৬


#

দেশে প্রতিদিন হার্ট অ্যাটাকে অন্তত সাতশ মানুষের মৃত্যু। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ (এনসিডি) নিয়ে মানুষের মধ্যে এখনও পর্যাপ্ত সচেতনতা নেই। সংক্রামক রোগের পাশাপাশি এসব অসংক্রামক রোগ প্রতিরোধেও সমান গুরুত্ব দেওয়া জরুরি।

বুধবার (২২ এপ্রিল) সকালে খুলনা সিভিল সার্জনের কার্যালয়ে ‘খুলনা জেলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে কেন্দ্র করে এনসিডি মোকাবিলা মডেলের প্রচার ও বাস্তবায়ন শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে বক্তারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রতিদিন এক চামচের বেশি লবণ ও পাঁচ চামচের বেশি চিনি গ্রহণ না করার পরামর্শ দেন। পাশাপাশি প্রতিদিন তিন বেলা খাবারের পর ১০ মিনিট করে মোট ৩০ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তোলার ওপর জোর দেন।

খুলনা সিভিল সার্জন কার্যালয় ও এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মুজিবুর রহমান। তিনি বলেন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, প্রতিবন্ধিতা ও মানসিক স্বাস্থ্যজনিত সমস্যাসহ অসংক্রামক রোগ বর্তমানে বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। এসব রোগ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থাপনা ছাড়া অকালমৃত্যু কমানোর কোনো বিকল্প নেই।

মুজিবুর রহমান আরও বলেন, একসময় সংক্রামক রোগ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে মনে করে কিছুটা উপেক্ষা করা হয়েছিল। কিন্তু সম্প্রতি হাম পরিস্থিতি প্রমাণ করে-স্বাস্থ্যখাতে কোনো বিষয়ই অবহেলা করার সুযোগ নেই। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে নিয়মিত কার্যক্রম, মনিটরিং ও টেকসই বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

খুলনা বিভাগীয় এই স্বাস্থ্য পরিচালক জানান, খুলনা বিভাগে চলমান হাম টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১৬ লাখ শিশুকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৯৬-৯৭ শতাংশ অগ্রগতি অর্জিত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ কভারেজ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের চেয়ারম্যান অধ্যাপক ডা. শেখ আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. এ সালাম, স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডি প্রোগ্রামের ফোকাল পারসন ডা. রাহাত ইকবাল চৌধুরী এবং বাংলাদেশে জাপানি মিশনের ফার্স্ট সেক্রেটারি শিনজু কারাওয়াসা। এতে স্বাগত বক্তব্য দেন খুলনার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান প্রমুখ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied