ছেলের জন্য পাত্রী দেখে আর বাড়ি ফেরা হলো না বাবার
৩৬ মিনিট আগে শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে হেলাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন নিজেই সিএনজি চালিয়ে তার ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মিরসরাই উপজেলার বারইয়ারহাট থেকে আবুরহাটে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যান হেলাল উদ্দিনসহ তার পরিবারের পাঁচ সদস্য। পাত্রী দেখে ফেরার পথে গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছালে তার চালিত সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন হেলাল উদ্দিন এবং পরিবারের বাকি চার সদস্যও আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল; তাদের মধ্যে হেলাল উদ্দিনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়। বাকি চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং আহতদের কেউ হাতে ও কেউ পায়ে আঘাত পেয়েছেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে; আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।