স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে
১ ঘন্টা আগে মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে স্বামীকে কৌশলে ঘরের বাইরে নিয়ে গিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়িওয়ালার ছেলে ও তার দুই সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি বাড়িওয়ালার ছেলে রাজিব মিয়াসহ (২৭) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানো নির্দেশ দেওয়া হয়। এর আগে রোববার (২২ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার তরিব মুন্সি মোড়ের রশিদ মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাজিব ওই বাড়ির মালিক রশিদ মিয়ার ছেলে।
মামলার অন্য দুই আসামি হলেন- একই বাড়ির ভাড়াটিয়া তারাকান্দা উপজেলার বাট্টা বাটপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৬) ও বাতিয়া গ্রামের হেলাল উদ্দিন (৩৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা ২১ বছর বয়সী এক যুবক তার ১৮ বছর বয়সী স্ত্রীকে নিয়ে প্রায় ১৫ দিন আগে জামিরদিয়া এলাকার ওই ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। ঘটনার রাতে দেড়টার দিকে বিকাশে টাকা পাঠানোর কথা বলে সিরাজুল ইসলাম ওই যুবককে ঘুম থেকে ডেকে তোলেন। পরে তাকে স্থানীয় চেয়ারম্যান বাড়ির মোড়ে নিয়ে যান। সেখানে বিকাশের দোকান বন্ধ থাকায় তারা একটি চায়ের দোকানে অপেক্ষা করে চা পান করেন।
প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট পর সিরাজুল ওই যুবককে বাড়িতে পাঠিয়ে দেন। এ সময় স্বামী বাড়ির বাইরে থাকার সুযোগে বাড়িওয়ালার ছেলে রাজিব ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় হেলাল উদ্দিন ঘরের বাইরে অবস্থান করে পাহারা দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী ওই যুবক জানান, সিরাজুল তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট পর তিনি ফিরে এসে স্ত্রীকে কান্নাকাটি করতে দেখেন। কান্নার কারণ জানতে চাইলে স্ত্রী তাকে ধর্ষণের শিকার হওয়ার কথা জানান। রাজিব তাকে ধর্ষণ করেন এবং হেলাল বাইরে পাহারা দেন বলেও স্ত্রী জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার তিন আসামিকেই গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।