ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
১৯ মিনিট আগে বুধবার, নভেম্বর ১১, ২০২৬
মেহেরপুরের
গাংনীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীর বিকাশ অ্যাকাউন্ট
থেকে প্রতিবন্ধী ভাতার ১২ হাজার ৮৯৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারকের কথায়
মোবাইল ফোনে আসা ওটিপি নম্বর দেওয়ার পর তিন দফায় ওই টাকা সরিয়ে অ্যাকাউন্ট শূন্য করা
হয়।
এ
ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী পারেছা খাতুন।
পারেছা
খাতুন গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী শাহিন আলম বুদ্ধিপ্রতিবন্ধী।
তাদের দুই সন্তান পারভেজ আহমেদ (৭) ও হামিম আহমেদ (৪) জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী।
পরিবারটিতে আরও রয়েছেন পারেছার ভারসাম্যহীন এক ননদ।
অভিযোগে
পারেছা খাতুন উল্লেখ করেন, সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৩২ মিনিট থেকে ৫টা ১০ মিনিটের
মধ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে ফোন করেন।
পরে তার ছেলে পারভেজের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কার্ডের টাকা পাওয়ার
প্রক্রিয়া বুঝিয়ে দেওয়ার নামে মোবাইল ফোনে আসা ওটিপি নম্বর চান। ওই ব্যক্তির কথামতো
ওটিপি দেওয়ার পর তার বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন দফায় মোট ১২ হাজার ৮৯৯ টাকা অন্য একটি
বিকাশ নম্বরে সরিয়ে নেওয়া হয়।
পারেছা
অভিযোগ করেন, তার ব্যবহৃত ০১৭২৯১৮...নম্বরের বিকাশ অ্যাকাউন্ট থেকে ০১৬২৫৫৭৯৪৯৯ নম্বরে
তিন দফায় সেন্ড মানির মাধ্যমে টাকা সরানো হয়েছে। গতকাল তিনি গাংনী থানায় লিখিত অভিযোগ
করেন।
পারেছা
খাতুন বলেন, ‘মোবাইল সম্পর্কে আমিও কিছু বুঝি না। আবার দেখতেও পাই না। তাই এক আত্মীয়কে
ডেকে ফোনে আসা ওটিপি দিতে বলি। সেও মেয়ে মানুষ, মোবাইল সম্পর্কে তেমন বোঝে না। আমরা
কেউই বুঝতে পারিনি। প্রতারকেরা এই সুযোগে আমার সব টাকা নিয়ে গেছে। প্রশাসনের কাছে অনুরোধ,
আমার মতো অসহায় মানুষের টাকাটা যেন দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করেন।’
স্থানীয়
বাসিন্দা ফিরোজ আহমেদ জানান, পারেছার জীবনে অনেক কষ্ট। দুই দৃষ্টিপ্রতিবন্ধী সন্তানকে
নিয়ে তিনি সংসার চালান। তার কাছে এই টাকা ছিল অনেক বড় সম্বল। এসময় ফ্যামিলি কার্ডের
আশ্বাসে সেই সঞ্চয় হারিয়ে এখন চরম বিপাকে পড়েছেন পারেছা খাতুন বলেও উল্লেখ করেন তিনি।
স্থানীয়রা
জানান, পারেছা ছাগল ও হাঁস-মুরগি পালন করে সংসারে বাড়তি আয়ের চেষ্টা করেন। ভিক্ষা না
করে নিজের মতো করে সংসার সামলান। স্বামী শাহিন আলমও কাজের চেষ্টা করেন, তবে নিয়মিত
কাজ পান না। পরিবারটির অসহায়ত্বের কারণে স্থানীয়ভাবে তারা পরিচিত।
স্থানীয়
ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম বলেন, পরিবারটি খুবই অসহায়। বিভিন্ন মানুষ তাদের সহযোগিতা
করেন। পারেছাকে নিজের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করবো। পাশাপাশি প্রশাসনের কাছে
টাকা উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করার অনুরোধ জানিয়েছি।
এ
বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, বিষয়টি আমি
শুনেছি। পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, এ বিষয়ে পারেছা খাতুন লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি আইনগতভাবে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও
উল্লেখ করেন ওসি।