বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশী যুবকের
১ ঘন্টা আগে বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
চট্টগ্রামের
বাঁশখালীতে বউ ও শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে মো. রাশেদ (৩৫) নামে এক যুবকের
মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঝগড়ায় জড়িত জমিলা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার
(২৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় রাশেদের মৃত্যু হয়।
নিহত
রাশেদ বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব জলদি এলাকার নুরুল আলমের ছেলে।
বাঁশখালী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, মঙ্গলবার বিকেলে পৌরসভার পূর্ব জলদি
এলাকায় জমিলা আক্তার ও তাঁর শাশুড়ি হোসেনে আরার মধ্যে পারিবারিক কলহ থেকে ঝগড়া শুরু
হয়। এ সময় পাশের বাড়ির রাশেদ তাঁদের ঝগড়া থামাতে এগিয়ে গেলে জমিলা আক্তার ভারী লাঠি
দিয়ে তাঁর মাথায় আঘাত করেন।
পরে
রাশেদকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে
চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওসি
আরও বলেন, ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে জমিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি
পূর্ব জলদি এলাকার মো. আব্দুল্লাহর স্ত্রী।