৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল
৪৭ মিনিট আগে সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
মঞ্চ
ও টিভি নাটকের পরিচিত মুখ অভিনেতা সুজাত শিমুল। সম্প্রতি বিয়ে করেছেন তিনি। তার স্ত্রী
জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তিকর্মী। গত ১৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মিরপুরের
একটি রেস্টুরেন্টে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা
সম্পন্ন হয়।
অবশ্য
বিয়ের থেকেও বড় আলোচনার জন্ম দিয়েছে তাদের বিয়ের দেনমোহরের অঙ্ক। দেনমোহর ছিল মাত্র
৯৯৯ টাকা। দেনমোহর হিসেবে এই সংখ্যাটাই কেন বেছে নিলেন এবং এর পেছনে কারণগুলোই বা কী,
সম্প্রতি তা নিয়ে মুখ খুলেছেন সুজাত শিমুল।
এই
ব্যতিক্রমী অঙ্ক নির্ধারণের পেছনে বিশেষ ভাবনা রয়েছে জানিয়ে সুজাত শিমুল বলেন, ‘আমরা
যখন বিয়ের সিদ্ধান্ত নিই, তখন ভাবছিলাম, কাবিনটা হবে একটা ইউনিক নম্বর, যা আমাদের দৈনন্দিন
জীবনে খুবই প্রয়োজনীয়। আমরা বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করি। বিয়ের মধ্য
দিয়ে জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়, একধরনের পরিপূর্ণতা আসে। সেই প্রয়োজনীয়তার জায়গা
থেকেই আমাদের দৈনন্দিন জীবনে বিপদ-আপদে যে ৯৯৯ নম্বরে ফোন করি, সেখান থেকেই ট্রিপল
নাইনের ধারণাটা আসে।’
এর
পেছনে একটি প্রতীকী ব্যাখ্যাও দাড় করান অভিনেতা। তার মতে, তিনটি ৯ পাশাপাশি থাকলেও
পরের ঘরে শূন্যস্থান থেকে যায়। এটি মানুষের জীবনের অপূর্ণতার প্রতীক।
সুজাত
শিমুল বলেন, মানুষের জীবন কখনোই পুরোপুরি পরিপূর্ণ হয় না; কোথাও না কোথাও কিছু ঘাটতি
থেকেই যায়। হাজারের ঘর পূর্ণ না হওয়ার বিষয়টিও তাই তাদের ভাবনায় বিশেষ তাৎপর্য বহন
করেছে।
আরেকটি
মজার কারণ হলো অভিনেতার শ্বশুরের পুলিশের চাকরি। সুজাত শিমুলের শ্বশুর পুলিশে চাকরি
করতেন। ৯৯৯ নম্বরটির সঙ্গে পুলিশের এই সম্পর্কও দেনমোহরের অঙ্কটি বেছে নেওয়ার অন্যতম
কারণ।
তবে
৯৯৯ টাকা দেনমোহরের সিদ্ধান্তের সবচেয়ে বড় কারণ খোলাসা করে সুজাত শিমুল বলেন, ‘সবচেয়ে
বড় যে বার্তা দিতে চেয়েছি, আমরা বিয়েতে কাবিন করতে গিয়ে এত লাখ টাকা, এত লাখ টাকা—এর
মধ্যে যেন মনে হয়, একটা বিনিময় কিংবা আস্থা-অনাস্থার বিষয় সামাজিকভাবে হয়ে আসছে। আমার
কাছে মনে হচ্ছে, নারী হিসেবে একটা সাহস—৯৯৯ টাকা কাবিনে বিয়ে করছে। অনেক কিছু
মিলেই এই ৯৯৯ টাকার ভাবনাটা এসেছে।’
এই
অভিনেতা বলেন, পরিবার ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আয়োজন করায়
সবাইকে আমন্ত্রণ জানাতে পারেননি। এ জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, আগামী ডিসেম্বরে
সবার অংশগ্রহণে বিয়ের মূল আয়োজন সম্পন্ন করার তাদের পরিকল্পনা রয়েছে।