ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন ৮২ বছরের মরিয়ম

Bortoman Protidin

১৫ মিনিট আগে বুধবার, নভেম্বর ১১, ২০২৬


#

পড়তে বা লিখতে জানেন না হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ। পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকে কেবল শুনে শুনেই মুখস্থ করেছেন ৩০ পারা। যখন তিনি কোরআন হিফজ শুরু করেন, তখন তার বয়স ছিল ষাটের কোঠায়। ১০ বছরের চেষ্টায় পুরো কোরআন হিফজ সম্পন্ন করেন তিনি।

ইয়েমেনের তায়েজ প্রদেশের জাবাল সাবর এলাকার পাহাড়ি গ্রাম হাদনানে জন্ম মরিয়মের। যে সময়ে তিনি বেড়ে উঠেছেন, তখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল খুবই সীমিত। সংসার সামলানো ও কৃষিকাজ করেই কেটেছে জীবনের বড় একটি অংশ। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না থাকায় কখনো পড়ালেখা শেখা হয়নি তার, কিন্তু কোরআনের প্রতি ছিল তার গভীর ভালোবাসা ও আকর্ষণ। একটা সময় পর পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি।

২০০৬ সাল। বয়স তখন তার ষাটের কোঠায়। ধীরে ধীরে শুরু করেন কোরআন হিফজের স্বপ্ন পূরণের যাত্রা। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মরিয়মের জন্য শেখার সুযোগ তৈরি হয়।

প্রতিদিনের জীবনেও কোরআন মুখস্থের জন্য আলাদা সময় বরাদ্দ রাখতেন তিনি। বিকালে গ্রামের এক শিক্ষিকার কাছে গিয়ে মুখস্থ করা আয়াত শোনাতেন, শিখতেন নতুন আয়াত। সন্ধ্যায় বাড়ি ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনতেন। একই আয়াত বারবার শুনে মনে গেঁথে নেওয়ার চেষ্টা করতেন। তিনি ঘুম থেকে উঠতেন ফজরের আগে। তখনও তিলাওয়াত শুনতেন এবং আগের মুখস্থগুলো ঝালিয়ে নিতেন।

এই দীর্ঘ যাত্রাপথে ৬০ বছর বয়সি মরিয়মের নিত্যসঙ্গী ছিল একটি ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতে পছন্দ করতেন তিনি। একটি ক্যাসেটের তিলাওয়াত মুখস্থ হয়ে গেলে পরিবারের সদস্যরা এনে দিতেন পরের ক্যাসেট।

তবে পথটা যে সব সময় সহজ ছিল, তা নয়। কোরআনের কিছু আয়াতের মধ্যে মিল থাকায় সেগুলো আলাদা করে মনে রাখা কঠিন হয়ে পড়ত। বিশেষ করে সুরা তাওবা ও রাদের কিছু আয়াত মুখস্থ করতে বেশ সময় লেগেছে তার। কিন্তু বারবার শোনা, অনুশীলন ও ধৈর্যের কাছে শেষ পর্যন্ত হার মানে সেই কাঠিন্যও।

এভাবেই কেটে যায় ১০ বছর। ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ করে ফেলেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন এবং সিজদায় লুটিয়ে পড়েন। হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। নাতি-নাতনি ২১ জন। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। তবে পরিবারের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয়, পড়ালেখা না জানা মা ও দাদি শুধু শুনে শুনেই মুখস্থ করেছেন পবিত্র কোরআনের পুরো ৩০ পারা!

মরিয়মের এই সাধনার পুরো সময় কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের মধ্যে। চারপাশে গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকট। তবু, থামেনি তার কোরআন মুখস্থের চেষ্টা। প্রতিকূলতার মধ্যেও তিলাওয়াতের সুরে খুঁজে নিয়েছেন মানসিক শক্তি ও প্রশান্তি। কোরআনের সুরাগুলোর মধ্যে সুরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলেও এই সুরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় মরিয়মের বয়স ছিল ৮২ বছরের বেশি। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে তখন তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। কমে এসেছিল চোখের দৃষ্টিশক্তিও। বয়সের ভারে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় কষ্ট হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন তিনি।

জীবনের দীর্ঘ পথ পেরিয়ে মরিয়ম দেখিয়েছেন, স্বপ্ন পূরণের জন্য বয়স কোনো বাধা নয়। অক্ষরজ্ঞান না থাকলেও ভালোবাসা, ধৈর্য ও অদম্য ইচ্ছাশক্তি দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied