লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
১ ঘন্টা আগে শনিবার, আগস্ট ২৯, ২০২৬
চব্বিশের
গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কেউ আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য
দিয়ে সহায়তা করলে তার জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ। আজ (শনিবার, ২৯ আগস্ট) শেষ তিন মাসের অপরাধ পর্যালোচনা সভা শেষে
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
জুলাই
গণঅভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত থানাগুলো আবার সচল হয়েছে। স্বাভাবিক
হয়েছে অনেক কিছুই। কিন্তু সেসময় পুলিশের লুট হওয়া এক হাজার ৩২৬টি অস্ত্রের এখনো হদিস
মেলেনি।
অস্ত্রগুলো
কার হাতে, কোথায় আছে কিংবা কোনো অপরাধে ব্যবহৃত হচ্ছে কি না সে তথ্যও নেই পুলিশের কাছে।
রাষ্ট্রীয় এসব অস্ত্রের অবস্থান অজানা থাকায় তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি
নিরাপত্তাঝুঁকি তৈরি করছে। পাশাপাশি অবৈধ অস্ত্র সেই নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়েছে।
এবার
সেই লুট হওয়া অস্ত্র ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের মধ্যে বিশেষ বাহিনী গঠিত হয়েছে
বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি
বলেন, ‘পুলিশ যেন জনপ্রত্যাশিত, জনবান্ধব বাহিনীতে পরিণত হয়, ভাবমূর্তি আরও উজ্জ্বল
হয়, সেজন্য আমরা অনেক বক্তব্য দিয়েছি। আশা করি, ইনশা আল্লাহ আমরা ক্রমান্বয়ে জনপ্রত্যাশা
অনুযায়ী এগিয়ে যেতে পারবো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে পারবো, আশা করি।’
স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, ‘লুঠ হওয়া অস্ত্র পুনর্বাসনের জন্য, অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা বিশেষ একটা
ইউনিট গঠন করেছি। বিভিন্ন গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে তারা এরইমধ্যে
কাজে নেমে গিয়েছে। আরও জোরদার করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। এক্ষেত্রে আমরা কিছু
পুরস্কার ঘোষণা করেছি। যারা হেভি ওয়েপনস উদ্ধার করার জন্য সহযোগিতা করবে, খবর দেবে—তাদেরকে
আমরা সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কৃত করবো।’